এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেছে। স্বজনদের অপেক্ষারও শেষ হয়নি। নিখোঁজের ১৩ বছর পরও কোনো সন্ধান মেলেনি কুমিল্লার লাকসামের দুই বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজের। তারা জীবিত আছেন, নাকি কোনো নির্মম পরিণতির শিকার হয়েছেন, সেই প্রশ্নের উত্তর আজও খুঁজছেন পরিবারের সদস্যরা।
২০১৩ সালের ২৭ নভেম্বর রাতে কুমিল্লায় যাওয়ার পথে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার হরিশ্চর-আলীশ্বর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে একটি অ্যাম্বুলেন্সের গতিরোধ করে সাবেক সংসদ সদস্য ও লাকসাম উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি সাইফুল ইসলাম হিরু, পৌর বিএনপির তৎকালীন সভাপতি হুমায়ুন কবির পারভেজ এবং জসিম উদ্দিনকে তুলে নেওয়া হয়। পরে জসিম উদ্দিন ও লাকসাম থেকে আটক আরও ৯ জনকে থানায় হস্তান্তর করা হলেও হিরু ও পারভেজের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনায় ২০১৪ সালের ১৮ মে তৎকালীন র‌্যাবের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে অপহরণ ও গুমের অভিযোগে আদালতে মামলা করেন পারভেজের বাবা রঙ্গু মিয়া। মামলায় র‌্যাব-১১-এর তৎকালীন অধিনায়ক তারেক সাঈদকে প্রধান আসামি করা হয়। তিনি নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আসামি হিসেবে বর্তমানে কারাগারে রয়েছেন। রঙ্গু মিয়ার মৃত্যুর পর মামলার বাদী হিসেবে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন পারভেজের ছোট ভাই গোলাম ফারুক।
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গুম হওয়া কয়েকজন ব্যক্তির ফিরে আসা এবং বিভিন্ন গুম ও হত্যার ঘটনা উন্মোচিত হওয়ায় নতুন করে আশাবাদী হয়েছেন দুই পরিবারের সদস্যরা। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের অমীমাংসিত এই ঘটনারও প্রকৃত সত্য সামনে আসবে এবং দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে।
নিখোঁজ সাইফুল ইসলাম হিরুর ছেলে রাফসান ইসলাম বলেন, দেশে গুম হওয়া অনেকের সন্ধান পাওয়া গেছে, হত্যার ঘটনাও উদঘাটিত হয়েছে। কিন্তু তার বাবার বিষয়ে এখনো কোনো তথ্য পাননি তারা। বাবা জীবিত আছেন, নাকি হত্যার শিকার হয়েছেন, সেটিও জানেন না। বাবাকে সুস্থ অবস্থায় ফিরে না পেলেও তিনি কোথায় এবং কী অবস্থায় আছেন, অন্তত সেই তথ্যটি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চান তিনি।
অন্যদিকে হুমায়ুন কবির পারভেজের ছেলে এসকে রাতুলের আশঙ্কা, হয়তো আর কখনো বাবাকে ফিরে পাবেন না। তবে গুমের শিকার পরিবারগুলো যেন রাষ্ট্র ও সরকারের কাছ থেকে যথাযথ সম্মান ও সহযোগিতা পায়, সেটিই তার প্রত্যাশা। তিনি জানান, ২০১৪ সালে মামলা হলেও ২০২৪ সালের আগে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি ছিল না। গণঅভ্যুত্থানের পর তদন্তে গতি এসেছে। এখন তার একটাই চাওয়া, নিখোঁজ হওয়ার আগে তার বাবা সর্বশেষ কী অবস্থায় ছিলেন, তা যেন জানা যায়।
মামলার বাদীপক্ষের আইনজীবী মুহাম্মদ বদিউল আলম সুজন জানান, বরখাস্তকৃত কর্নেল তারেক সাঈদ ও মেজর সাহেদ রাজীসহ পাঁচজনকে আসামি করে মামলা দায়েরের পর লাকসাম থানা পুলিশ তদন্ত শুরু করে। সাক্ষীরা গুমের বিষয়টি নিশ্চিত করলেও আরও তদন্তের প্রয়োজন ছিল। তবে সিআইডির এক এএসপি ভুক্তভোগীরা আত্মগোপনে রয়েছেন উল্লেখ করে প্রতিবেদন দেন। ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি জানানো হলে পরবর্তী প্রতিবেদনেও তদন্তের ব্যর্থতার বিষয়টি উঠে আসে।
তিনি আরও জানান, ন্যায়বিচারের আশায় বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। পাশাপাশি দুই পরিবারের পক্ষ থেকে গুম কমিশনেও অভিযোগ দেওয়া হয়েছে, যা এখনো তদন্তাধীন। সংশ্লিষ্ট কর্মকর্তার দেওয়া প্রতিবেদনের বিষয়টিও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুন নাহার লাইলী বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সরকারের তিনটি সংস্থা তদন্ত করছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দীর্ঘ ১৩ বছরেও দুই নেতার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারগুলোর অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। স্বজনদের কাছে এখন সবচেয়ে বড় প্রত্যাশা, অন্তত তাদের প্রিয়জনদের শেষ পরিণতি সম্পর্কে নিশ্চিত হওয়া।