জুলাই গণঅভ্যুত্থানে আহত হওয়ার পর থেকে একের পর এক শারীরিক জটিলতায় ভুগছেন আল মিহাত মোসলেম প্রান্ত। উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু অর্থসংকটে আটকে গেছে তার চিকিৎসা। জীবন বাঁচাতে প্রায় ২৫ লাখ টাকা প্রয়োজন হলেও অসচ্ছল পরিবারের পক্ষে এই অর্থের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না।
২০২৪ সালের জুলাই-আগস্টে রাজধানীর পল্টন এলাকায় আন্দোলনে অংশ নিয়ে আহত হন প্রান্ত। তখন তিনি রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। আন্দোলনে আহত হওয়ার পর তার বাম পায়ের গোড়ালির কাছের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই স্থানের মাংস সাদা হয়ে গেছে। পরবর্তী সময়ে পেটের যক্ষ্মা (অ্যাবডমিনাল টিবি)সহ শরীরে দেখা দিয়েছে আরও নানা জটিলতা।
প্রান্তের জীবনে সংকটের শুরু অবশ্য আরও আগে। ২০২১ সালে বাবাকে হারানোর পর পরিবারের বড় ছেলে হিসেবে সংসারের দায়িত্ব নিতে হয় তাকে। পড়াশোনার পাশাপাশি টিউশনি করে উপার্জিত অর্থ দিয়ে সংসারের খরচ চালাতেন। নিজের লেখাপড়ার পাশাপাশি পরিবারের সদস্যদের ভরণপোষণের দায়িত্বও সামলাতে হয়েছে তাকে।
কিন্তু আন্দোলনে আহত হওয়ার পর বদলে যায় তার জীবন। শারীরিক অসুস্থতার কারণে আগের মতো চলাফেরা ও কাজ করার সক্ষমতা হারিয়েছেন। চিকিৎসার খরচ এবং পারিবারিক সংকটের কারণে এবার এইচএসসি পরীক্ষায়ও অংশ নিতে পারেননি। যে বয়সে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখার কথা, সেই বয়সে এখন তাকে লড়তে হচ্ছে অসুস্থতার সঙ্গে।
প্রান্তের পরিবারের দুর্দশা আরও বেড়েছে মায়ের ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর। একদিকে ছেলের চিকিৎসা, অন্যদিকে মায়ের অসুস্থতা—সব মিলিয়ে দিশাহারা পরিবারটি।
পরিবারের তথ্য অনুযায়ী, প্রান্তের শারীরিক অবস্থার উন্নতির জন্য ভারতের ভেলরের সিএমসি হাসপাতাল অথবা গঙ্গারাম হাসপাতালে চিকিৎসা করানোর পরিকল্পনা রয়েছে। চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও আনুষঙ্গিক ব্যয়সহ এ জন্য আনুমানিক ২৫ লাখ টাকা প্রয়োজন। কিন্তু এই বিপুল অর্থ জোগাড় করার সামর্থ্য পরিবারের নেই।
চিকিৎসায় দেরি হলে প্রান্তের শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে পরিবার। তাই দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন, জুলাই আন্দোলনে আহতদের সহায়তায় কাজ করা প্রতিষ্ঠান এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে তারা।
একসময় যে তরুণ টিউশনি করে নিজের পড়াশোনার পাশাপাশি পরিবারের দায়িত্ব পালন করতেন, আজ সেই তরুণের চিকিৎসার জন্যই প্রয়োজন মানুষের সহায়তার হাত। অর্থের অভাবে যেন তার চিকিৎসা থেমে না থাকে—এমন প্রত্যাশা পরিবারের।




