দেশে ডেঙ্গুর সংক্রমণ বেড়ে এক দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা চলতি বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ২৪৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে এ রোগে আরও সাতজনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন সাতজনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুজন এবং ময়মনসিংহ বিভাগে দুজন রয়েছেন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন। একই সময়ে রোগটিতে প্রাণ হারিয়েছেন ৩৮৪ জন।
এর আগে ১১ অক্টোবর এক দিনে ২ হাজার ১৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১২ অক্টোবর ভর্তি হন ২ হাজার ১৬৭ জন। এ ছাড়া ২৭ সেপ্টেম্বর ২ হাজার ১৫৮ জন এবং ১৮ অক্টোবর ২ হাজার ৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পাওয়া যায়। তবে রোববার প্রকাশিত সর্বশেষ হিসাব আগের সব সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৪৯ জনের হাসপাতালে ভর্তি হওয়ার মধ্য দিয়ে চলতি বছরের দৈনিক ভর্তি রোগীর নতুন রেকর্ড তৈরি হয়েছে। মৃত্যুর হিসাবে চলতি বছরের এক দিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটে গত ৬ ও ১৫ অক্টোবর। ওই দুই দিনেই ডেঙ্গুতে ১০ জন করে মারা যান।




