উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জামালপুরে ‘জাতীয় যুব দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, জামালপুরের আয়োজনে এক আলোচনা সভা, যুব ঋণের চেক, যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক এবং সনদপত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকালে যুব ভবনের হলরুমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য জনাব এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমীন এবং সিভিল সার্জন মো: আজিজুল হক। অনুষ্ঠানের শুরুতে জাতীয় যুব দিবস উদযাপনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে যুবসমাজকে আত্মনির্ভরশীল ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে যুব ঋণের চেক, যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠক এবং যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন।