দেশে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন।
রবিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪২৭ জন। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই মৃত্যু হয়েছে ১৭৪ জনের। সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা যান।
নতুন রোগীসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জনে। এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৩১ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনায় ২৫৯, চট্টগ্রামে ২৫৭, বরিশালে ২২৯, রাজশাহীতে ১৮৫, ময়মনসিংহে ৯২, রংপুরে ৭৩ এবং সিলেটে ১৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।