গতকাল এইচএসসি পরীক্ষায় পাসের আনন্দ, আর আজই নিভে গেল জীবনপ্রদীপ। বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে শ্রাবন নামে এক শিক্ষার্থী।
রবিবার (১ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই এলাকার একটি ইটভাটার পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত শ্রাবন ঝিনাইদহ শহরের মাজমাদার পাড়ার ব্যবসায়ী সুমন হকের ছেলে। সে ঝিনাইদহ কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার তিন বন্ধু মিলে শহরতলির পাগলাকানাই এলাকার একটি গভীর পুকুরে গোসল করতে নামে। প্রায় আধা ঘণ্টা ধরে গোসল করার একপর্যায়ে দুই বন্ধু পানিতে ডুব দিয়ে ওপরে উঠে এলেও শ্রাবন আর উঠে আসেনি। এ সময় তার বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, তিন বন্ধু পুকুরে গোসল করতে নেমেছিল। তাদের মধ্যে শ্রাবন সাঁতার জানত না। এ কারণে সে পানিতে ডুবে যায়। ডুবুরি দলের সদস্যরা পুকুরে তল্লাশি চালিয়ে বিকেলের দিকে তার মরদেহ উদ্ধার করেন।
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরদিনই শ্রাবনের এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।




