দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও সন্দেহজনক উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯১ জন। তবে এই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া কোনো রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
 শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৬ জন। এ ছাড়া পরীক্ষায় নতুন করে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ১০৫ শিশু।
 সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫১ জনে। এদিকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বেড়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২ হাজার ৬৩৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৯৪ হাজার ৩৯৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ২ লাখ ২৭ হাজার ৬৭৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ২৩ হাজার ৭৭০ জনের হাম শনাক্ত হয়েছে।