দেশে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১ হাজার ৮৬ শিশুর শরীরে। শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে মারা গেছে একজন করে শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৫৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫১ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫৫ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৮৪৮। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ১৩১ শিশুর। এ নিয়ে নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা ২২ হাজার ৩২৮।
প্রতিবেদনে বলা হয়, ১৫ মার্চ থেকে হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮০ হাজার ৯৪৫ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ শিশু।




