বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তিন বাহিনীর সম্মিলিত সক্ষমতা ও প্রস্তুতি বিশ্বকে বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে স্পষ্ট বার্তা দেবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আজকের মহড়া বিশ্বের দরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, অত্যন্ত পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সদা প্রস্তুত।’
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার স্বর্ণদ্বীপে অবতরণ করে। সেখানে তিনি সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন।
এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন সরকারপ্রধান। পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার অ্যান্ড ডাইভিং স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়। তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বিত অংশগ্রহণে পরিচালিত এই অনুশীলনে সামরিক কৌশল, দক্ষতা ও পারস্পরিক সমন্বয়ের বিষয়গুলো তুলে ধরা হয়।
মহড়া পরিদর্শন ও সংশ্লিষ্ট কার্যক্রম শেষে মঙ্গলবার বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপ ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
গত এক যুগেরও বেশি সময়ে স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়া অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণেও যৌথ অনুশীলন হয়েছে। তবে প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্টের সমন্বয়ে এবারের বিশেষ আয়োজনটি ছিল প্রথম। এতে প্রধানমন্ত্রীর উপস্থিতি মহড়ায় বাড়তি গুরুত্ব যোগ করেছে।




