যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর বোমা হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলায় বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা লোকমান হোসেন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৪ নভেম্বর) হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বন্দরের শ্রমিকরা।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া এলাকায় তবিবুর রহমানের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও বিএনপির দলীয় সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে দেশে ফেরার গুঞ্জনের প্রতিবাদে সোমবার রাতে বেনাপোলে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে তবিবুর রহমান, লোকমান হোসেনসহ কয়েকজন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ছোট আঁচড়ায় তবিবুর রহমানের বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে দুজন আহত হন।
আহত তবিবুর রহমান জানান, তারা কয়েকজন মিলে সীমান্ত পাহারা দিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির গেটের সামনে পৌঁছানোর পর তাদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাভারণ শাখায় ভর্তি করেন। বিস্ফোরণে তাদের হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে।
হামলার খবর ছড়িয়ে পড়লে বন্দর শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। এর প্রতিবাদে মঙ্গলবার বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর উদ্যোগে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। ৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদ আলীর নেতৃত্বে মিছিলটি বন্দর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন শ্রমিকরা।
শহিদ আলী বলেন, তারা একসঙ্গে সীমান্ত পাহারা দিয়ে আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকানোর মিছিল শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় তবিবুর রহমানের বাড়ির সামনে হামলার ঘটনা ঘটে। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বেনাপোল পৌর বিএনপি। সংগঠনটির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত এক বিবৃতিতে দাবি করেন, শান্ত বেনাপোলকে অশান্ত করার উদ্দেশ্যে আওয়ামী লীগের দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার আহ্বান জানান। পাশাপাশি আহত দুই শ্রমিক নেতার সুস্থতা কামনা করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল আকতার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। পরে সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিক্ষোভ মিছিলে বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্যসচিব রায়হানুজ্জামান দিপু, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শ্রমিক ইউনিয়ন ৮৯১-এর সাধারণ সম্পাদক লিটন হোসেন, ৯২৫-এর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হামলার পর এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। শ্রমিকদের দাবি, ঘটনার পেছনে কারা রয়েছে এবং কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে, তা তদন্ত করে দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে।