চাকরির পেছনে না ছুটে আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে গুরুত্ব দিচ্ছে। এ প্রযুক্তি একদিকে জ্বালানি ব্যয় কমাবে, অন্যদিকে কৃষির জন্য জৈব সার উৎপাদনের সুযোগ তৈরি করবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের বিরস্তইল এলাকায় ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন এবং উদ্যোক্তা ও খামারিদের মধ্যে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে খামারিরা নিজেদের উৎপাদিত জ্বালানির চাহিদা পূরণের পাশাপাশি জৈব সার তৈরি করতে পারবেন। এতে কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে স্বল্প সুদে যুব ঋণ নিয়ে খামার সম্প্রসারণ ও নতুন উদ্যোগ গড়ে তোলার সুযোগ রয়েছে। এসব অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে গ্রাম পর্যায়ে কর্মসংস্থান বাড়বে এবং তরুণদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ তৈরি হবে।
অনুষ্ঠানের অংশ হিসেবে প্রতিমন্ত্রী প্রকল্পের আওতায় নির্মিত কয়েকটি বায়োগ্যাস প্ল্যান্ট সরেজমিনে পরিদর্শন করেন। পরে নির্বাচিত উদ্যোক্তা ও খামারিদের হাতে ঋণের চেক তুলে দেন।
অনুষ্ঠানে জানানো হয়, যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় রাজশাহীর পুঠিয়া, বাঘা ও বাগমারা উপজেলার ১০ জন উদ্যোক্তা ও খামারিকে মোট ১০ লাখ ২০ হাজার টাকা ঋণ সহায়তা দেওয়া হয়েছে। বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন, খামারের পরিধি বাড়ানো এবং উৎপাদন কার্যক্রম সম্প্রসারণে এ অর্থ ব্যবহার করা হবে। পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে তরুণদের সম্পৃক্ত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
ঋণপ্রাপ্তদের মধ্যে পুঠিয়া উপজেলার শাকিব খান, হাসি বেগম ও হিরা বিবি প্রত্যেকে এক লাখ টাকা করে পেয়েছেন। বাঘা উপজেলার জুয়েল আক্তার, শারমিন আক্তার ও নবীউল ইসলাম পেয়েছেন প্রত্যেকে এক লাখ ২০ হাজার টাকা করে।
অন্যদিকে বাগমারা উপজেলার মুক্তি আখতার ও হাসান আলী দেওয়ান পেয়েছেন এক লাখ টাকা করে। একই উপজেলার তিশা খাতুন ও আব্দুল বারী পেয়েছেন ৮০ হাজার টাকা করে।
যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন এবং পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন। পবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বায়োগ্যাস প্রকৌশলী মাহাফুজুর ইসলাম।
এ সময় পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রকল্পের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
সরকারি এ ঋণ সহায়তা ও প্রযুক্তিগত উদ্যোগের মাধ্যমে তরুণ উদ্যোক্তারা নিজেদের খামার সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।




