খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে কক্সবাজারের আলোচিত কাসুন্দি রেস্তোরাঁর দুই কর্মকর্তাকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) তারা আদালতে আত্মসমর্পণ করে নিজেদের অপরাধ স্বীকার করলে এ আদেশ দেওয়া হয়। পরে জরিমানার অর্থ পরিশোধ করায় তাদের কারাদণ্ড ভোগ করতে হয়নি। এর আগে একই ঘটনায় চৌরঙ্গী বেকারির মালিকও ৮ লাখ টাকা জরিমানা দিয়ে মামলা থেকে অব্যাহতি পান।
গত ১৪ নভেম্বর নিরাপদ খাদ্য আদালতের অভিযানে কক্সবাজারের চৌরঙ্গী কনফেকশনারি ও কল্লোল হোটেলের কাসুন্দি রেস্তোরাঁকে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এর মধ্যে কাসুন্দি রেস্তোরাঁকে ৩ লাখ এবং চৌরঙ্গী বেকারিকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। খাদ্য তৈরিতে অপরিচ্ছন্ন পরিবেশ, পচা-বাসি খাবার পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে এ জরিমানা করা হয়।
তবে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ না করে প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষ আদালতের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় বলে অভিযোগ ওঠে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা হয়।
জরিমানা অনাদায়ে নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা জহুর লাল পাল ১৬ নভেম্বর কক্সবাজারের নিরাপদ খাদ্য আদালতে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পৃথক দুটি প্রসিকিউশন দাখিল করেন। কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গিয়াস উদ্দিনের আদালত অভিযোগ আমলে নিয়ে তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরোয়ানাভুক্ত ব্যক্তিরা হলেন কল্লোল হোটেলের কাসুন্দি রেস্তোরাঁর অপারেশন ম্যানেজার চিশতি আহমেদ, ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার সরোয়ার জাহান এবং চৌরঙ্গী বেকারির মালিক মোহাম্মদ আলী।
আদালতের পরোয়ানা জারির পর ১৭ নভেম্বর চৌরঙ্গী বেকারির মালিক মোহাম্মদ আলী আদালতে আত্মসমর্পণ করে অপরাধ স্বীকার করেন। তিনি ৮ লাখ টাকা জরিমানার অর্থ জমা দিলে অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ কার্যকর করা থেকে অব্যাহতি পান।
অন্যদিকে, মঙ্গলবার কাসুন্দি রেস্তোরাঁর দুই কর্মকর্তা আদালতে হাজির হয়ে নিজেদের অপরাধ স্বীকার করেন। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত তাদের মোট ৩ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। তবে আদেশের পরপরই তারা জরিমানার টাকা পরিশোধ করেন। ভবিষ্যতে আদালতের সঙ্গে অশোভন আচরণ না করার অঙ্গীকার করে মুচলেকাও দেন।
এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ৫৪৫ ধারা অনুসারে আদায় করা জরিমানার অর্থ থেকে প্রসিকিউশন খরচ নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কক্সবাজারের পরিচালক সুভ্রত ভট্টাচার্য জানান, খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারি ও কাসুন্দি রেস্তোরাঁর বিরুদ্ধে পৃথক প্রসিকিউশন দাখিল করা হয়েছিল। অভিযোগ আমলে নেওয়ার মতো উপাদান পাওয়ায় আদালত মামলা গ্রহণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির শাহজাহান নুরী জানান, নিরাপদ খাদ্য আদালতের অভিযানে জরিমানার অর্থ আদায় না হওয়ায় পৃথক দুটি মামলা করা হয়। পরে চৌরঙ্গী বেকারির মালিক ১৭ নভেম্বর এবং কাসুন্দি রেস্তোরাঁর দুই কর্মকর্তা ২৪ নভেম্বর আদালতে উপস্থিত হয়ে জরিমানা পরিশোধ করেন। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবেন না বলেও তারা মুচলেকা দিয়েছেন।
উল্লেখ্য, ১৪ নভেম্বর অভিযানের সময় কাসুন্দি রেস্তোরাঁয় পচা-বাসি খাবার পরিবেশনসহ বিভিন্ন অনিয়ম এবং চৌরঙ্গী বেকারিতে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও বেকারি-সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে জরিমানা করা হয়েছিল। ওই অভিযানে কাসুন্দির দুই কর্মকর্তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগও ওঠে। চৌরঙ্গী কর্তৃপক্ষের বিরুদ্ধে লোকজন জড়ো করে বিক্ষোভ করার অভিযোগ রয়েছে।