সামরিক মহড়া দেখতে গিয়ে এবার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ অনুশীলন পরিদর্শনের সময় প্রায় ৮ কিলোমিটার পথ সামরিক যান চালিয়ে অতিক্রম করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। তিনি বলেন, স্বর্ণদ্বীপের প্রথম ভেন্যু ‘বারো আউলিয়া’ খাল থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত এটিভি মডেলের বিশেষ হালকা সাঁজোয়া যান চালিয়ে যান প্রধানমন্ত্রী।
পথের দুই পাশে তিন বাহিনীর বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যাওয়ার জন্য প্রায় আট কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এ সময় ধানক্ষেতের পাশ দিয়ে কাদামাটির আঁকাবাঁকা পথে ধীরগতিতে সামরিক যানটি চালাতে দেখা যায় সরকারপ্রধানকে।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার স্বর্ণদ্বীপে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মেজবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।
স্বর্ণদ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।
বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার অ্যান্ড ডাইভিং স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
জলদস্যুদের অভয়ারণ্য থেকে সামরিক প্রশিক্ষণকেন্দ্র
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের মেঘনা নদীর মোহনায় ১৯৭৮ সালে প্রাকৃতিকভাবে জেগে ওঠে স্বর্ণদ্বীপ। একসময় এটি জাহাইজ্জার চর নামে পরিচিত ছিল। নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত দ্বীপটি উত্তর-দক্ষিণে ২৮ কিলোমিটার এবং পূর্ব-পশ্চিমে ১৪ কিলোমিটার বিস্তৃত।
একসময় দ্বীপটি জলদস্যু ও ডাকাতদের আস্তানা হিসেবে পরিচিত ছিল। ২০১৩ সালের ১৪ মার্চ সেনাসদরের নির্দেশনায় ৩৩ পদাতিক ডিভিশনের পরিচালনায় সেখানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ১০১ পদাতিক ব্রিগেডের অধীন ১০ ই বেঙ্গল, ৫৬ ই বেঙ্গল ও ৬ বীর অংশ নেয়। এ সময় বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। একই দিন থেকে সেখানে সেনা মোতায়েন করা হয়।
পরবর্তী সময়ে ২০১৩ সালের ১৫ আগস্ট এবং ১৪ নভেম্বর ভূমি মন্ত্রণালয়ের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দ্বীপটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে এলাকাটিকে সামরিক প্রশিক্ষণের উপযোগী করে গড়ে তোলার কাজ চলছে।
প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত দ্বীপটির বড় অংশ জলমগ্ন ও কর্দমাক্ত থাকে। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত পানির স্তর নেমে গেলে যান চলাচল ও বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা সহজ হয়।
সামরিক প্রশিক্ষণের পাশাপাশি দ্বীপটিতে আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণমূলক নানা উদ্যোগও নেওয়া হয়েছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে গবাদিপশু পালন, দুগ্ধ খামার, বনায়ন, উন্নত পদ্ধতিতে শস্য উৎপাদন, মৎস্য চাষ এবং সৌরবিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও বিসিসিটির যৌথ উদ্যোগে সেখানে তিনটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে।
একসময় দুর্গম ও অনিরাপদ হিসেবে পরিচিত স্বর্ণদ্বীপ এখন সামরিক প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠছে।