রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে মো. আলম শেখ (৪১) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আলমের পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং মস্তিষ্কে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) রিমন মিয়া এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে আলম হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় সেখানে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাকে শিশু চোর সন্দেহ করেন এবং হাসপাতালে আসার কারণ জানতে চান। তবে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে অভিযোগ রয়েছে। এরপর ক্ষুব্ধ কয়েকজন স্বজন তাকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে মারধর করেন। এতে আলমের মৃত্যু হয় বলে জানান এসআই রিমন মিয়া।
পুলিশ জানায়, ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আলমের মরদেহ উদ্ধার করা হয়। আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। আলম শেখ রাজধানীর রূপনগরের টিনশেড এলাকায় থাকতেন। পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে স্বজনেরা জানান, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। মরদেহ নিতে আলমের পরিবারকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে শেরেবাংলা নগর থানা-পুলিশ।




