স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি, মস্তিষ্কে আঘাতসহ বিভিন্ন স্নায়বিক রোগে আক্রান্ত ব্যক্তিদের কার্যক্ষমতা পুনরুদ্ধার ও পুনর্বাসনসেবা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) নিউরো রিহ্যাবিলিটেশন কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের ৫০৭ নম্বর কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। সভাপতিত্ব করেন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুর।
বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে এবং জেনারাস কোং লিমিটেডের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) সহায়তা দেয়। এতে চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্য পেশাজীবীরা নিউরো রিহ্যাবিলিটেশনের অভিজ্ঞতা বিনিময় এবং উন্নত পুনর্বাসনসেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. তসলিম উদ্দিন, সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ড. ভ্যালেরি এ টেলর এবং জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি মরিকাওয়া ইয়োকো।
কর্মশালায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি), কন্টিনেন্টাল হাসপাতাল, আইচি হেলথকেয়ার গ্রুপ এবং জেনারাস কোং লিমিটেডের প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচিতে উদ্বোধনী অধিবেশন, গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন কর্মশালাভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, নিউরো রিহ্যাবিলিটেশন রোগীদের দৈনন্দিন কাজে স্বনির্ভরতা বৃদ্ধি, জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামাজিক জীবনে পুনরায় অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কর্মশালা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি দেশে আধুনিক, সমন্বিত ও রোগীকেন্দ্রিক পুনর্বাসনসেবা সম্প্রসারণে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।




