কণ্ঠে ছিল বিরহের গভীরতা, আর বাঁশিতে মিশে থাকত না বলা হাজারো অনুভূতি। লোকসংগীতের সেই দরদী শিল্পী বারী সিদ্দিকীর প্রয়াণ দিবস আজ।
কিছু শিল্পী থাকেন, যাদের গান সময়ের সীমানা পেরিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকে। বারী সিদ্দিকী তেমনই একজন। তার কণ্ঠে লোকজীবনের প্রেম, বিরহ, অভিমান ও বেদনা পেয়েছিল অন্যরকম ভাষা। আর বাঁশির সুরে তিনি তৈরি করেছিলেন নিজস্ব এক সংগীতজগৎ। ২০১৭ সালের ২৪ নভেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করেন এই গুণী শিল্পী। আজ তার অষ্টম প্রয়াণ দিবস।
১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন বারী সিদ্দিকী। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ছিল তার গভীর আকর্ষণ। পরিবারের সাংস্কৃতিক আবহ এবং মায়ের অনুপ্রেরণা তাকে গানের পথে আগ্রহী করে তোলে। তবে কণ্ঠসংগীতের চেয়ে বাঁশির প্রতিই ছিল তার বিশেষ দুর্বলতা। দীর্ঘদিন বাঁশি সাধনায় কাটিয়েছেন, কিন্তু পরিচিতি এসেছে জীবনের অনেকটা পথ পেরিয়ে।
১৯৯৩ সালে কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয়ের পর তার সংগীতজীবনে নতুন অধ্যায় শুরু হয়। হুমায়ূন আহমেদের নির্মিত ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে গান গেয়ে ব্যাপক পরিচিতি পান তিনি। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটির ছয়টি গানে কণ্ঠ দেন বারী সিদ্দিকী। বিশেষ করে ‘শুয়া চান পাখি’, ‘পুবালী বাতাসে’ এবং ‘আমার গায়ে যত দুঃখ সয়’ গানগুলো তাকে সাধারণ শ্রোতার কাছে জনপ্রিয় করে তোলে।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক গান ও অ্যালবামের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করেন তিনি। ‘মনের দুঃখ মনে রইলো রে’, ‘অপরাধী হইলেও আমি তোর’, ‘আমি একটা জিন্দা লাশ’, ‘আমার ঘরে জ্বালা বাইরেও জ্বালা’ এবং ‘রজনী হইস না অবসান’ গানগুলো শ্রোতাদের কাছে বিশেষ জনপ্রিয়তা পায়। তার কণ্ঠের স্বতন্ত্র আবেগ ও উচ্চারণ লোকসংগীতকে নতুনভাবে উপস্থাপন করেছিল।
শুধু গান নয়, বাঁশিবাদক হিসেবেও আন্তর্জাতিক অঙ্গনে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন বারী সিদ্দিকী। ১৯৯৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত বিশ্ব বাঁশি সম্মেলনে অংশ নিয়ে উপমহাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি। সেখানে ৭০টি দেশের শিল্পী ও প্রতিনিধির সামনে বাঁশির পরিবেশনা দিয়ে প্রশংসা অর্জন করেন। ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ বিভিন্ন দেশে তার বাঁশির সুর ছড়িয়ে পড়েছিল।
চলচ্চিত্রেও তার সংগীত প্রতিভার ছাপ রয়েছে। ‘রূপকথার গল্প’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘ও আমার দেশের মাটি’ ও ‘মাটির পিঞ্জিরা’সহ বিভিন্ন চলচ্চিত্রে গান করেছেন তিনি। প্রকাশিত হয়েছে এক ডজনের বেশি অডিও অ্যালবাম।
বারী সিদ্দিকীর গানের সবচেয়ে বড় শক্তি ছিল আবেগের গভীরতা। তার কণ্ঠে লোকজ সুর যেন মানুষের ব্যক্তিগত সুখ-দুঃখের গল্প হয়ে উঠত। শ্রোতারা তার গানে খুঁজে পেতেন নিজেদের জীবনের নানা অনুভূতি। অন্যদিকে বাঁশির মূর্ছনায় ফুটে উঠত বাংলার প্রকৃতি, মাটির গন্ধ ও মানুষের অন্তর্গত হাহাকার।
আজ তিনি নেই, কিন্তু তার সৃষ্টির মৃত্যু হয়নি। নতুন প্রজন্মের কাছেও তার গান সমানভাবে আবেদন তৈরি করে। সময় যত গড়াবে, ততই স্পষ্ট হবে বাংলা লোকসংগীতে এই শিল্পীর স্বতন্ত্র অবদান। বাঁশির সুর আর দরদভরা কণ্ঠে বারী সিদ্দিকী বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে।