প্রতিষ্ঠার পর নানা চড়াই-উতরাই পেরিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। আগামীকাল ২৫ নভেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে ৩৬তম বছরে পদার্পণের দিনটি উদযাপন করবে প্রতিষ্ঠানটি।
শিক্ষা ও গবেষণার বিস্তারের পাশাপাশি নতুন অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়ে ৩৬তম বছরে যাত্রা শুরু করছে খুলনা বিশ্ববিদ্যালয়। ১৯৯১ সালের ২৫ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। সেই দিনটিকে স্মরণ করে প্রতিবছর বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয়। ২০২৬ সালে শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পা রাখছে বিশ্ববিদ্যালয়টি।
দীর্ঘ এই সময়ে একাডেমিক পরিবেশ, গবেষণা, আন্তর্জাতিক যোগাযোগ এবং মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে নিজেদের অবস্থান তৈরি করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় অবদান রাখার পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষার্থীদের জন্যও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে।
২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থান-পরবর্তী সময়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের নেতৃত্বে বর্তমান প্রশাসন দায়িত্ব নেয়। এরপর শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা, গবেষণার পরিধি বাড়ানো এবং প্রশাসনিক ব্যবস্থায় আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়টির সাম্প্রতিক উদ্যোগগুলোর মধ্যে রয়েছে সব ডিসিপ্লিনে টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, স্নাতক পর্যায়ে গবেষণা অনুদান চালু এবং আন্তর্জাতিক সাময়িকীতে গবেষণা প্রকাশে আর্থিক প্রণোদনা। আন্তর্জাতিক মান ও স্বীকৃতি অর্জনের লক্ষ্যে অ্যাক্রেডিটেশনের আবেদনও করা হয়েছে। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাঙ্গনের মধ্যে গবেষণাভিত্তিক সহযোগিতা বাড়াতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমবারের মতো ‘খুলনা বিশ্ববিদ্যালয় কোলাবোরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম’ চালু করে অনুদান দেওয়া হয়েছে।
অবকাঠামো সম্প্রসারণেও বড় পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের তিনটি উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা বা ডিপিপি চূড়ান্ত করা হয়েছে। এসব প্রকল্পে আবাসিক হল, শ্রেণিকক্ষ ও গবেষণাগারের সুযোগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। এদিকে দীর্ঘ সাত বছর বিরতির পর সপ্তম সমাবর্তন আয়োজনের প্রস্তুতি চলছে। আগামী ১৩ জানুয়ারি এ সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী শিক্ষক-শিক্ষার্থী, অ্যালামনাই, কর্মকর্তা-কর্মচারীসহ খুলনার সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে খুলনা বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই অর্জনের পেছনে সংশ্লিষ্ট সবার অবদান রয়েছে। শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি সৃজনশীল, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য। শিক্ষা ও গবেষণার মান বাড়ানো, প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দিবসটি ঘিরে আগামীকাল সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এরপর বেলা ১১টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য শিক্ষার্থী ও সংগঠনগুলোকে সম্মাননা দেওয়া হবে এবং স্মরণিকার মোড়ক উন্মোচন করা হবে। পরে অদম্য বাংলা প্লাজায় বিভিন্ন বিভাগ ও ডিসিপ্লিনের গত বছরের অর্জন এবং আগামী বছরের পরিকল্পনা তুলে ধরা হবে।

এ ছাড়া বাদ জোহর মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মুক্তমঞ্চে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটি সামনে রেখে ক্যাম্পাসের প্রধান ফটক, সড়ক, ভবন, আবাসিক হলসহ বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে।