ধর্ম, বর্ণ কিংবা জাতিগত পরিচয় নয়, মানুষের সবচেয়ে বড় পরিচয় মানবতা। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও শান্তির মধ্য দিয়েই সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। এমনই সম্প্রীতির বার্তা দিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শান্তি প্রতিষ্ঠায় দেশবাসীর সম্মিলিত দায়িত্বের কথা তুলে ধরেন তিনি।
বক্তব্যে শাহরুখ ২০০৮ সালের মুম্বাইয়ে ২৬/১১ হামলা, ২০২৫ সালের পহেলগাম হামলা এবং সাম্প্রতিক দিল্লির বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারানো মানুষদের স্মরণ করেন। একই সঙ্গে দেশের নিরাপত্তায় দায়িত্ব পালন করতে গিয়ে আত্মত্যাগকারী সেনা ও নিরাপত্তাকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
নিরাপত্তাকর্মীদের সাহস ও দায়িত্ববোধের প্রশংসা করে অভিনেতা বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের সবচেয়ে বড় পরিচয়। তাঁদের দায়িত্ব পালনের পেছনে রয়েছে কোটি মানুষের ভালোবাসা ও আশীর্বাদ।
দেশপ্রেমের প্রসঙ্গে তিনি বলেন, কেউ পেশা সম্পর্কে জানতে চাইলে একজন নিরাপত্তাকর্মী গর্বের সঙ্গে বলতে পারেন, তিনি দেশকে রক্ষা করেন। তার উপার্জন শুধু অর্থের হিসাবে পরিমাপ করা যায় না; ১৪০ কোটি মানুষের আশীর্বাদই তার সবচেয়ে বড় প্রাপ্তি।
শাহরুখের বক্তব্যে বিশেষ গুরুত্ব পেয়েছে সামাজিক সম্প্রীতি। তিনি সবাইকে ধর্মীয় ও জাতিগত পরিচয়ের পার্থক্যের ঊর্ধ্বে উঠে মানবিক মূল্যবোধকে ধারণ করার আহ্বান জানান। তাঁর মতে, দেশের শান্তি ও মানুষের কল্যাণে প্রত্যেকেরই ইতিবাচক ভূমিকা রাখা প্রয়োজন।
শান্তির সূচনা কোথায়, তা ব্যাখ্যা করতে গিয়ে শাহরুখ বলেন, এর শুরু মানুষের নিজের ভেতর থেকে, হৃদয় থেকে। বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, নানা পরিচয় ও সংস্কৃতির মানুষের কাছ থেকে তিনি ভালোবাসা পেয়েছেন। মানুষের প্রতি মানুষের এই ভালোবাসাই শান্তিপূর্ণ পৃথিবী গড়ার শক্তি।
অভিনয়ের পাশাপাশি সামাজিক বক্তব্যেও বরাবরই আলোচনায় থাকা শাহরুখের এই আহ্বানে উঠে এসেছে সহাবস্থান ও পারস্পরিক সম্মানের গুরুত্ব।
এদিকে শিগগিরই মুক্তি পাওয়ার কথা রয়েছে শাহরুখ অভিনীত নতুন সিনেমা ‘কিং’। এতে তাঁর মেয়ে সুহানা খান ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায় ও রাঘব জুয়াল।