নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে অবস্থিত স্বর্ণদ্বীপে মঙ্গলবার সকালে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে তাকে বহনকারী হেলিকপ্টারটি দ্বীপে অবতরণ করে। এর প্রায় এক ঘণ্টা আগে ঢাকা থেকে যাত্রা শুরু করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর অংশগ্রহণে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত পর্ব সরেজমিনে দেখবেন সরকারপ্রধান।
এই অনুশীলনে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে। মহড়ার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি সামরিক বাহিনীর দেশীয় প্রযুক্তিতে তৈরি সরঞ্জামও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে তার উপস্থিত থাকার কথা রয়েছে।
স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত স্বর্ণদ্বীপের দায়িত্ব ২০১৩ সালে নেয় বাংলাদেশ সেনাবাহিনী। এরপর থেকে দ্বীপটিতে সামরিক প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত এক যুগে সেখানে সেনাবাহিনীর একাধিক সমর অনুশীলন হয়েছে। নৌ ও বিমানবাহিনীর সদস্যদের যুক্ত করে যৌথ মহড়াও অনুষ্ঠিত হয়েছে।
তবে এবারের আয়োজনের বিশেষত্ব হলো—তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোকে একসঙ্গে নিয়ে এই প্রথম এ ধরনের অনুশীলন হচ্ছে। মহড়া শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।