শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিন ক্লাস বন্ধ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস আগামী ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। ছুটি শেষে ২৬ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ছুটির বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নিয়মিত ক্লাস বন্ধ থাকবে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা সব মিলিয়ে টানা ১০ দিনের বিরতি পাচ্ছেন।
 এদিকে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন এবং লক্ষ্মীপূজার জন্য ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে। তবে ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ১৭, ২৩ ও ২৪ অক্টোবর উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের ক্লাসও বন্ধ থাকবে। ছুটি শেষে ২৬ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস কার্যক্রম আবার শুরু হবে।