নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দিতে চায় সরকার। এ লক্ষ্যে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে বই বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের কাছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার রাতে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়ন, পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন, শিক্ষক বদলি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে সরকার কাজ করছে। অতীতের অনিয়ম ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা এবং উপযুক্ত পাঠদানের পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
শিক্ষক বদলি কার্যক্রমে স্বচ্ছতা আনার পাশাপাশি শিক্ষকদের যোগ্যতা ও দক্ষতা যাচাই করা হচ্ছে বলে জানান তিনি। নকল সনদ শনাক্ত ও প্রতিরোধেও উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার মানের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, আগের সময়ের অব্যবস্থাপনা ও ভুল নীতির কারণে তৈরি হওয়া সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হচ্ছে।
তিনি আরও জানান, ইতোমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতির বাস্তব অবস্থা দেখা হয়েছে। অনিয়ম বন্ধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হবে।
পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়ন ও ফলাফল প্রকাশের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতের ওপরও গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। তার ভাষ্য, পরীক্ষকের দায়িত্বে অবহেলার কারণে ফলাফলে ভুল হলে সংশ্লিষ্টদের জবাবদিহি করতে হবে। প্রয়োজন অনুযায়ী তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিবন্ধন ও সনদ প্রদানের কার্যক্রম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কেন্দ্রীয় তত্ত্বাবধানে আনার পরিকল্পনার কথাও জানান তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বের গুরুত্ব তুলে ধরে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষার উন্নয়নে সততা, নিষ্ঠা ও জবাবদিহির সঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শিক্ষা খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের গঠনমূলক প্রতিবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় জানিয়ে তিনি বলেন, এসব প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের সঙ্গে নিয়মিত আলোচনা ও মতবিনিময়ও অব্যাহত থাকবে।
ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।
এ ছাড়া সংগঠনটির সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ, নিজামুল হক ও ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলাইমান সালমান, কোষাধ্যক্ষ নাজিউর রহমান সোহেলসহ ইরাবের বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।




