আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতায় নিজেদের মেধার স্বাক্ষর রাখতে প্রস্তুত বাংলাদেশের ছয় খুদে শিক্ষার্থী। বিশ্বের প্রায় ৫০টি দেশের প্রতিযোগীর সঙ্গে এবার বিজ্ঞানের লড়াইয়ে নামবে তারা। লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সাফল্য বয়ে আনা।
২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) অংশ নিতে আগামী ২৯ নভেম্বর বুলগেরিয়ার উদ্দেশে রওনা হবে বাংলাদেশের ছয় সদস্যের দল। আগামী ২ থেকে ৯ ডিসেম্বর দেশটির রাজধানী সোফিয়ায় বসবে এবারের আন্তর্জাতিক আসর। এতে অনূর্ধ্ব-১৬ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নেবে।
বাংলাদেশ দলের সদস্যরা হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের আবরার জাহিন, সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের আহমেদ সাদ ও মোহাম্মদ সাইফান হায়দার, এস এফ এক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের কাজী সুনেরাহ ইসলাম ও মারজানা মানহা এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নাশওয়ান হক।
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড থেকে তাদের নির্বাচন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের সদস্যদের পরিচয় প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এসপিএসবির সভাপতি মুনির হাসান।
বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক এবং এসপিএসবির সাধারণ সম্পাদক ফারসীম মান্নান মোহাম্মদী। সহকারী দলনেতা হিসেবে থাকছেন অলিম্পিয়াডের সমন্বয়ক মো. রেজাউল ইসলাম ও একাডেমিক সমন্বয়ক ফারজানা আক্তার।
সংবাদ সম্মেলনে মুনির হাসান জানান, আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশ এ পর্যন্ত রৌপ্য ও ব্রোঞ্জ মিলিয়ে ৪৫টি পদক অর্জন করেছে। তবে এখনো স্বর্ণপদক জয়ের অপেক্ষা রয়েছে। এবার সেই প্রত্যাশা পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দলের প্রধান দলনেতা ফারসীম মান্নান মোহাম্মদী বলেন, এবারের প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের ভিসা সংগ্রহ নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় সেই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, তারা শুধু নিজেদের নয়, আন্তর্জাতিক অঙ্গনে পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তাই দেশের সম্মান অক্ষুণ্ন রেখে ভালো ফল অর্জনের প্রত্যাশা করেন তিনি।
উল্লেখ্য, এবারের জাতীয় পর্যায়ের আয়োজন বাস্তবায়নে বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করেছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ও কমিউনিটি ব্যাংকও সহায়তা দিচ্ছে। এবার স্বর্ণপদক জয়ের লক্ষ্য নিয়েই বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্য তুলে ধরতে যাচ্ছে বাংলাদেশের তরুণ বিজ্ঞানপ্রেমীরা।