মহান বিজয় দিবস সামনে রেখে ডিসেম্বরজুড়ে নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মাসব্যাপী বিজয় উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে আগামী ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। একই সময়ে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে পাঁচ নেতার সমন্বয়ে বিশেষ টিম গঠন করেছে দলটি।
আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে এই উদ্বোধনী আয়োজন শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বেলা ১১টায় বিএনপির যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
যৌথসভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা, ঢাকা থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী, ঢাকা জেলা বিএনপির নেতারা এবং মহানগর ও জেলার সংসদ সদস্যরা অংশ নেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আমানউল্লাহ আমান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম এবং যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
রিজভী জানান, মাসব্যাপী বিজয় উৎসবের উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)সহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন। আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
সাংগঠনিক তৎপরতা বাড়াতে পাঁচ নেতার বিশেষ টিম
এদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে পাঁচ নেতার সমন্বয়ে বিশেষ টিম গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গঠিত এই টিম কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক সমন্বয় জোরদার, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করার দায়িত্ব পালন করবে।
বিশেষ টিমের সদস্যরা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সরকারের মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু।
দলীয় সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও রাজনৈতিক অপতৎপরতা মোকাবিলায় প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেবে এই টিম। পাশাপাশি জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ে দলের অভ্যন্তরীণ বিরোধ, সাংগঠনিক দুর্বলতা এবং সমন্বয়ের ঘাটতি চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
বিশেষ টিমের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের যোগাযোগ বাড়ানো এবং স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
রিজভী জানিয়েছেন, সাংগঠনিক বিভাগের নেতাদের পাশাপাশি সংসদ সদস্যদের সঙ্গেও দলের সাংগঠনিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে। এ ধরনের আলোচনা ও সমন্বয় কার্যক্রম অব্যাহত থাকবে।
বিশেষ টিমের দায়িত্বে থাকা এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে কেন্দ্রের যোগাযোগ আরও কার্যকর করা হবে। একই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। ডিসেম্বরকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখাও দলের এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।