নতুন মৌসুমে লবণ উৎপাদনের প্রস্তুতি চললেও মাঠে নামতে পারছেন না পেকুয়ার একদল চাষি। জমির ইজারা ও মজুদ লবণ বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধে বন্ধ হয়ে গেছে ৫১ একরের বিশাল লবণ মাঠ। কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের বকশিয়াঘোনায় ৫১ একর ২৬ শতক জমির লবণ মাঠ নিয়ে বিরোধ তীব্র আকার ধারণ করেছে। মাঠের নিয়ন্ত্রণ, পুরোনো মজুদ লবণ বিক্রি এবং নতুন মৌসুমের উৎপাদন শুরু করা নিয়ে লবণচাষি ও স্থানীয় একটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। গত দুই-তিন দিনে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনাও ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপের ফৌজিয়া রশিদ নিজাম, জুবায়ের আহমেদ, আমের আহমেদ, আনিকা রেহেনুমা আহমদ ও সানিয়া মেহেনাজ আহমেদের মালিকানাধীন ওই জমি দেখাশোনার দায়িত্ব চলতি বছরের ১৪ এপ্রিল এফিডেভিটের মাধ্যমে আরিফুল ইসলাম খানকে দেওয়া হয়। পরবর্তী সময়ে তিনি তিন বছরের জন্য জমিটি রাজাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ছৈয়দ নুরের কাছে ইজারা দেন।
নতুন মৌসুম সামনে রেখে ইজারাদারের পক্ষ থেকে চাষিদের মাঠ প্রস্তুতের কাজ শুরু করা হয়। তবে অভিযোগ উঠেছে, রাজাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ছমিউল্লাহসহ স্থানীয় একটি পক্ষ এতে বাধা দিচ্ছে। চাষিদের মাঠে যেতে নিষেধ করার পাশাপাশি ভয়ভীতি দেখানোর অভিযোগও করেছেন তারা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছড়িয়ে পড়ে।
স্থানীয় চাষি বাদশাহ জানান, তিনি ওই মাঠে পাঁচ কানি জমিতে লবণ চাষ করেন। কিন্তু আগে উৎপাদিত লবণ মজুদ থাকা সত্ত্বেও তা বিক্রি করতে বাধার মুখে পড়ছেন। নতুন মৌসুমে মাঠ প্রস্তুতের কাজও শুরু করতে পারছেন না। অন্যদিকে রাজাখালীর বিভিন্ন এলাকায় চাষিরা উৎপাদনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন।
আরেক চাষি আবদু রহিমের অভিযোগ, জমিতে শ্রম দিয়ে লবণ উৎপাদন করলেও নিজেদের উৎপাদিত পণ্য বিক্রির সময় নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। প্রায় ১৫ দিন ধরে মাঠ প্রস্তুতের চেষ্টা চললেও বিরোধের কারণে তারা কাজে নামতে পারছেন না।
জামাল হোসেন নামে এক চাষি জানান, লবণ কেনাবেচার পাওনা টাকা পরিশোধ নিয়েও সমস্যা রয়েছে। ওই মাঠে প্রায় ৬৫ জন চাষি কাজ করেন। উৎপাদন ও বিক্রি বন্ধ থাকায় তাদের জীবিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য ছমিউল্লাহ পরে কথা বলবেন জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।
অন্যদিকে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইজারাদার ছৈয়দ নুর দাবি করেন, নিয়ম মেনেই তিনি জমি ইজারা নিয়েছেন এবং চাষিদের জন্য মাঠ প্রস্তুত করেছেন। কিন্তু ইউপি সদস্য ছমিউল্লাহর পক্ষ থেকে বারবার বাধা দেওয়া হচ্ছে। এমনকি আগের মৌসুমের মজুদ লবণও বিক্রি করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। নির্ধারিত সময়ে উৎপাদন শুরু করতে না পারলে চাষিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলেও জানান তিনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শন করেছে পেকুয়া থানা পুলিশ। থানার এএসআই রুবেল জানান, এ ঘটনায় থানায় অভিযোগ রয়েছে। উভয় পক্ষকে থানায় উপস্থিত হতে বলা হয়েছে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, বিরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষকে শান্ত থাকার পাশাপাশি আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়েছে।