আন্তর্জাতিক বাজারে টানা তিন সপ্তাহ দরপতনের পর আবার বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যে নতুন করে হামলা ও গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগের কারণে বাজারে তৈরি হয়েছে সরবরাহ সংকটের আশঙ্কা।
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা এবং সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আক্রমণের ঘটনায় সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারের লেনদেনে।
শুক্রবার (২৭ নভেম্বর) ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম আগের দিনের তুলনায় ৪ সেন্ট বেড়ে ৯৬ ডলার ৬১ সেন্টে পৌঁছেছে। বৃহস্পতিবারও প্রায় ২ ডলার বৃদ্ধি পেয়ে ৬ নভেম্বরের পর সর্বোচ্চ অবস্থানে লেনদেন শেষ করেছিল এই জ্বালানি তেল।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ ডলার ১০ সেন্ট বা ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৫ ডলার ৭৮ সেন্টে দাঁড়িয়েছে। দেশটিতে থ্যাংকসগিভিং ছুটির কারণে বৃহস্পতিবার নিয়মিত লেনদেনের নিষ্পত্তি হয়নি।
এএনজেড ব্যাংকের বিশ্লেষক ব্রায়ান মার্টিন ও ড্যানিয়েল হাইনসের মতে, মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও অবনতি না হলেও ব্রেন্টের দাম ১০০ ডলার ছাড়াতে পারে। তবে এজন্য বাজারে প্রকৃত সরবরাহ ঘাটতির স্পষ্ট প্রমাণ পাওয়া প্রয়োজন।
এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে সামরিক তৎপরতা না বাড়ানোর সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে কিছুটা স্বস্তি ফিরেছিল। সেই পরিস্থিতিতে কয়েক সপ্তাহ ধরে কমছিল তেলের দাম। কিন্তু হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে হামলার ঝুঁকি এবং ইয়েমেনের হুথিদের সৌদি জ্বালানি স্থাপনায় আক্রমণ পরিস্থিতিকে আবার জটিল করে তুলেছে।
ওসিবিসি ব্যাংকের বিশ্লেষক সিম মোহ সিয়ং মনে করেন, ২০২৭ সালে উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ স্বাভাবিক হওয়া এবং ভূরাজনৈতিক উত্তেজনা কমলে দাম আবার নিম্নমুখী হতে পারে। তবে তেলের মজুত হ্রাস, নৌপথে নিরাপত্তাঝুঁকি এবং শোধনাগার মেরামতের ধীরগতির কারণে বাজারে অস্থিরতা বজায় থাকার আশঙ্কা রয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব বিবেচনায় নিয়ে উৎপাদন নীতিতে পরিবর্তন না আনার পথে হাঁটতে পারে ওপেক প্লাস। সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, আগামী রোববারের বৈঠকে ২০২৭ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত জোটটির তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
সূত্র: রয়টার্স