এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য চলতি বছর সম্পূরক পরীক্ষা নেওয়া হচ্ছে না। তবে আগামী বছর থেকে ফল প্রকাশের তিন থেকে ছয় মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য নীতিমালা তৈরির কাজ চলছে।
শিক্ষা মন্ত্রণালয় আগামী ১৫ অক্টোবরের মধ্যে এ বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা জমা দিতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে নির্দেশ দিয়েছে। প্রস্তাবিত পরিকল্পনায় পরীক্ষার পদ্ধতি, প্রশ্নপত্র প্রণয়ন, সময়সূচি এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।
এর আগে শনিবার (১০ অক্টোবর) ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন আগামী বছর থেকে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ চালুর পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, মূল পরীক্ষার ফল প্রকাশের তিন থেকে ছয় মাসের মধ্যে এ সুযোগ তৈরি করা হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নীতিমালা তৈরির কাজ চলছে। পরীক্ষা আয়োজনের পাশাপাশি প্রশ্নপত্র তৈরি এবং পরবর্তী শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করার বিষয়েও সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় এ বছর সম্পূরক পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ছয় লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বর্তমান নিয়মে তাদের পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। অকৃতকার্য বিষয়গুলোতে অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। নতুন ব্যবস্থায় শুধু অকৃতকার্য বিষয়গুলোতে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি।
গত ১০ আগস্ট প্রকাশিত ফল অনুযায়ী, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬৪ দশমিক ০৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ।
ফল পুনর্নিরীক্ষণের পর ১১টি শিক্ষা বোর্ডে নতুন করে তিন হাজার ৭৯ জন জিপিএ-৫ পেয়েছে। একই প্রক্রিয়ায় প্রথমবার অকৃতকার্য হওয়া চার হাজার ৫৮৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গত বছর পুনর্নিরীক্ষণে উত্তীর্ণ হয়েছিল দুই হাজার ২০৭ জন।
অকৃতকার্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়টিও বিবেচনায় রাখছে সরকার। এ জন্য ভাষা শিক্ষা ও সময়োপযোগী কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।