গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনার পর খুলনা-ঢাকা রুটে ট্রেন চলাচলে পরিবর্তন এনেছে বাংলাদেশ রেলওয়ে। নিয়মিত পথের পরিবর্তে বিকল্প রুটে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ নামে এক জোড়া ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) থেকে নতুন এ রুটে ট্রেন চলাচল শুরু হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বিকল্প পথে চলাচলের সময় ট্রেন দুটি ১৫টি স্টেশনে যাত্রাবিরতি করবে। স্টেশনগুলো হলো- দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা। এতে এসব এলাকার যাত্রীরা সরাসরি ঢাকা ও খুলনায় যাতায়াতের সুযোগ পাবেন।
রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২০০০৩ নম্বর ট্রেনটি খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৩টা ১০ মিনিটে। অন্যদিকে ২০০০৪ নম্বর ট্রেনটি ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে খুলনায় পৌঁছাবে রাত ১১টা ৩৫ মিনিটে।
নতুন এ ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন সোমবার। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই বিকল্প পথে ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন রুট ও সময়সূচি অনুযায়ী ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ চলাচল করবে।