জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হচ্ছে ১৪ অক্টোবর বিকেল ৪টা থেকে। অনলাইনে প্রাথমিক আবেদন করা যাবে ১৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার শেষ সময় ১৬ নভেম্বর। কলেজ কর্তৃপক্ষ ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন নিশ্চয়ন করবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে সিজিপিএ ২.২৫ পাওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে চার বছর মেয়াদি সম্মান ডিগ্রির পরিবর্তে পাস ডিগ্রি অর্জনকারীরা এ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন না।
এ ছাড়া ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) অথবা মাস্টার্স প্রথম পর্ব (নিয়মিত) পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর বা জিপিএ ২.২৫ এবং সংশ্লিষ্ট তিন বছর মেয়াদি স্নাতক (পাস) নিয়মিত পরীক্ষায় একই ন্যূনতম ফল অর্জনকারীরাও আবেদন করতে পারবেন।
তবে প্রিলিমিনারি টু মাস্টার্স বা মাস্টার্স প্রথম পর্বের প্রাইভেট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না। আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে আগে অধ্যয়ন করে উত্তীর্ণ হতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত বা প্রাইভেট পরীক্ষায় উত্তীর্ণ কিংবা অন্য কোনো প্রোগ্রামে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন না। দ্বৈত ভর্তি হলে উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হবে।
প্রাথমিক আবেদন ফি ১ হাজার টাকা। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ৮৫০ টাকা এবং কলেজের অংশ ১৫০ টাকা। নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি কলেজে এ ফি জমা দেওয়া যাবে। বিস্তারিত তথ্য ও আবেদনের নিয়ম জানা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে