কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষতা অর্জনের সুযোগ পেতে তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। সরকারের প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় ব্যাচে মাত্র ১ হাজার ৬০০ আসনের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৫৭ হাজার তরুণ-তরুণী। অর্থাৎ প্রতি আসনের জন্য গড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ জনের মতো প্রার্থী।
শনিবার (২৮ নভেম্বর) দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে প্রশিক্ষণার্থী নির্বাচনের লিখিত বাছাই পরীক্ষা। সবচেয়ে বেশি প্রতিযোগিতা রাজধানী ঢাকায়। সেখানে ২৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে প্রায় ৮ হাজার ৫০০টি। ফলে ঢাকায় প্রতি আসনে লড়ছেন প্রায় ৩৪০ জন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রকল্পের প্রশিক্ষণ সহযোগী প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
প্রকল্প সূত্রে জানা গেছে, দেশের প্রতিটি জেলা থেকে ২৫ জন করে মোট ১ হাজার ৬০০ জনকে তৃতীয় ব্যাচে প্রশিক্ষণের জন্য বাছাই করা হবে। প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং এবং আধুনিক ডিজিটাল দক্ষতা অর্জনের প্রত্যাশা থেকে বিপুলসংখ্যক তরুণ এ কর্মসূচিতে আবেদন করেছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পরীক্ষা চলাকালে রাজধানীর কল্যাণপুরে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকসহ প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা পরীক্ষার পরিবেশ, আসনবিন্যাস ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হবে রোববার (২৯ নভেম্বর)। একই দিন চূড়ান্ত ফলাফল ও নির্বাচিতদের তালিকা প্রকাশের কথা রয়েছে। পরীক্ষার স্থান ও সময় প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে। নির্বাচিতদের নিয়ে আগামী ১ ডিসেম্বর থেকে প্রশিক্ষণ শুরু হওয়ার কথা রয়েছে।
দুই বছর মেয়াদি এ প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে ১১ হাজার ২০০ তরুণ-তরুণীকে এআই প্রযুক্তিতে দক্ষ করে তোলার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৯ হাজার ৬০০ জনকে বেসিক এবং ১ হাজার ৬০০ জনকে অ্যাডভান্সড পর্যায়ের প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রতিটি কোর্সের মেয়াদ দুই মাস। ৫০টি ক্লাসে মোট ৩০০ ঘণ্টার তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাঠ্যক্রমে চ্যাটজিপিটি, মাইক্রোসফট কোপাইলট, ডিপসিক, জেমিনি, মিডজার্নি, রানওয়ে, সিন্থেশিয়া, ট্যাবলো, ক্লিকআপ ও অ্যাডোবি সেনসেইয়ের মতো এআই টুল ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা এআইনির্ভর কনটেন্ট তৈরি, তথ্য বিশ্লেষণ, ডিজিটাল উৎপাদনশীলতা ও অটোমেশনের মতো কাজে ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।