রাজধানীতে চোর চক্রের তৎপরতা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। ব্যবসাপ্রতিষ্ঠান, আবাসিক ভবন থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠানও বাদ যাচ্ছে না তাদের হাত থেকে। বড় কাটার দিয়ে তালা ভেঙে কয়েক মিনিটেই লুটপাট চালাচ্ছে অপরাধীরা। কোথাও বাসা ভাড়ার কথা বলে, আবার কোথাও সুযোগ বুঝে ফাঁকা ভবনে ঢুকে চুরি করছে তারা।
সম্প্রতি মোহাম্মদপুরের তাজমহল রোডে একটি প্রাইভেটকার নিয়ে এসে পরপর কয়েকটি তালা কেটে ব্যবসাপ্রতিষ্ঠানে ঢোকে চোর চক্রের সদস্যরা। গত ১৭ নভেম্বর রাত পৌনে ৩টার দিকে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে একটি দোকানের ক্যাশ থেকে ৩০ থেকে ৩৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় তারা। পরে কাছের একটি মিষ্টির দোকানেও হানা দিয়ে প্রায় দেড় লাখ টাকা ও মিষ্টি চুরি করে।
আবাসিক এলাকাতেও একই ধরনের অপরাধ ঘটছে। মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে একটি ভবনের প্রধান ফটক খোলা পেয়ে ভেতরে ঢুকে মাত্র ১৫ সেকেন্ডে ফ্ল্যাটের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় এক চোর। রায়েরবাজারে বাসা ভাড়া নেওয়ার আগ্রহ দেখিয়েও একটি বাসায় চুরির ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
সবচেয়ে উদ্বেগের বিষয়, চোরদের নজর থেকে বাদ পড়ছে না মসজিদও। মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি মসজিদের দানবাক্স চুরির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগ, সাম্প্রতিক ছয়টি চুরির ঘটনায় মামলা না নিয়ে পুলিশ শুধু সাধারণ ডায়েরি বা অভিযোগ গ্রহণ করেছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, মোহাম্মদপুরে আগে থেকেই চাঁদাবাজ, শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের উৎপাত রয়েছে। এর সঙ্গে চোর চক্রের তৎপরতা যুক্ত হওয়ায় নিরাপত্তাহীনতা বাড়ছে। শুধু মোহাম্মদপুর নয়, মিরপুর, নিউমার্কেট ও গুলশানসহ রাজধানীর বিভিন্ন এলাকাতেও চুরির ঘটনা ঘটছে।
ঢাকা মহানগর পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গত ছয় মাসে রাজধানীতে চুরির ঘটনায় ৮১৪টি মামলা হয়েছে। এ সময়ে প্রায় ১ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপির মুখপাত্র মো. আকতার হোসেন জানিয়েছেন, চুরির প্রবণতা ও অপরাধের ধরন পর্যালোচনা করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। মামলা না নিয়ে শুধু জিডি গ্রহণের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অপরাধ বিশ্লেষকদের মতে, চুরির ঘটনায় মামলা না হওয়া এবং ভুক্তভোগীদের অভিযোগ করতে অনাগ্রহ অপরাধীদের আরও উৎসাহিত করছে। শুধু চোরদের গ্রেপ্তার করলেই হবে না, চক্রের মূল পরিকল্পনাকারী ও নেপথ্যের হোতাদেরও আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্ত এবং অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানো জরুরি।