রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেল ম্যানেজারের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।
রাজধানীর ওয়ারীতে আবাসিক হোটেলে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে দুই ব্যক্তি হোটেলে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে আক্রমণ করে। এতে হোটেল ম্যানেজার নাঈমুর রহমান নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসান।
পুলিশের তথ্যমতে, ভোররাত ২টার দিকে জয়কালী মন্দিরসংলগ্ন ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ হামলা চালানো হয়। দেশীয় অস্ত্র নিয়ে হোটেলে ঢুকেই হামলাকারীরা ম্যানেজার নাঈমুর রহমানের ওপর চড়াও হয়। তার চিৎকার শুনে অন্যরা এগিয়ে এলে তাদেরও এলোপাতাড়ি কোপানো হয়।
পরে স্থানীয়দের সহায়তায় আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রাজ্জাক ও হাসানকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ববিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এতে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে বিরোধের কারণ এবং হামলার পেছনের বিস্তারিত এখনো জানা যায়নি।
ঘটনাটি তদন্ত করছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।