মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। সেখান থেকেই ডিবির একটি দল তাকে গ্রেফতার করে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় তার সংশ্লিষ্টতার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।