রাজধানীর বিভিন্ন এলাকায় এক দিনে অভিযান চালিয়ে ৫৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব ঘটনায় নতুন করে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার পরিচালিত অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ, ককটেল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
পুলিশের দেওয়া হিসাব অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৬৫ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৮ জন, তেজগাঁওয়ে ৬৪ জন, লালবাগে ৫৭ জন, মতিঝিলে ৫২ জন, গুলশানে ৫০ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং রমনা বিভাগে ৩৮ জন গ্রেফতার হয়েছেন। গোয়েন্দা বিভাগ গ্রেফতার করেছে চারজনকে।
অভিযান চলাকালে পুলিশের হাতে উদ্ধার হয়েছে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি। এ ছাড়া একটি অবিস্ফোরিত ককটেল এবং বিস্ফোরিত ১০টি ককটেলের অংশবিশেষ জব্দ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ২ হাজার ৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি ছয়টি মোবাইল ফোন এবং একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।