রাজধানীর শ্যামপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী ইফাত বিন আল দিহানী প্রিয়মকে (৩২) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ইনভেস্টিগেশন বিভাগ।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে শ্যামপুর থানার ফরিদাবাদ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রিয়ম মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে এবং শান্তিনগর মোড়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল সংগ্রহ, সরবরাহ ও নিক্ষেপে সহযোগিতার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।