রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয়ে ঘোরাফেরা করার অভিযোগে মো. সোহাগ বেপারী (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার সহযোগী রতন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লালমাটিয়ার অক্সফোর্ড স্কুলের পেছনের সড়ক থেকে সোহাগকে আটক করা হয়। তার বাড়ি শরীয়তপুরের পালং থানার রায়পুর এলাকায়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সোহাগ ও তার সহযোগী নিজেদের এনএসআই সদস্য পরিচয় দিয়ে লালমাটিয়ার ডি ব্লক এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা সোহাগকে আটক করে পুলিশে খবর দেন। এ সময় তার সহযোগী পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায়ও একটি মোটরসাইকেলে করে ওই দুজন লালমাটিয়ার ডি ব্লকের মাঠে যান। সেখানে আড্ডারত কয়েকজন তরুণের কাছে নিজেদের এনএসআই কর্মকর্তা বলে পরিচয় দেন। এ সময় রতনের হাতে পুলিশের একটি হ্যান্ডকাফ দেখা যায়। পরদিন একই এলাকায় তাদের আবারও ঘোরাফেরা করতে দেখে পরিচয় যাচাইয়ের উদ্যোগ নেন স্থানীয়রা।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে সোহাগ নিজেকে গাড়িচালক হিসেবে পরিচয় দিয়েছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারামারিসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।