রাজধানীর গাবতলীতে পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনের জন্য নির্মিত চারটি বহুতল ভবন এখন হস্তান্তরের অপেক্ষায়। ১৫ তলাবিশিষ্ট ভবনগুলোতে রয়েছে মোট ৭৮৪টি ফ্ল্যাট। গ্যাস সরবরাহ ও বরাদ্দের আনুষ্ঠানিকতা শেষ করে আগামী সাড়ে তিন মাসের মধ্যে বাসিন্দাদের কাছে এসব ফ্ল্যাট বুঝিয়ে দিতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
প্রতিটি ফ্ল্যাটের আয়তন ৫৬৫ বর্গফুট। দুটি শোয়ার ঘর, শিশুদের জন্য আলাদা কক্ষ, রান্নাঘর, শৌচাগার, গোসলখানা এবং ড্রয়িং-ডাইনিংয়ের ব্যবস্থা রয়েছে। মেঝেতে টাইলস, দেয়ালে রং, বৈদ্যুতিক বাতি ও পাখা স্থাপনসহ অভ্যন্তরীণ কাজও সম্পন্ন হয়েছে। ভবনভেদে রয়েছে দুটি থেকে ছয়টি লিফট। পাশাপাশি সাধারণ সিঁড়ির বাইরে জরুরি প্রয়োজনে বের হওয়ার জন্য আলাদা সিঁড়ির ব্যবস্থাও রাখা হয়েছে।
চারটি ভবনের মধ্যে ডব্লিউ-২, ডব্লিউ-৩ ও ডব্লিউ-৪-এ রয়েছে ৬৭২টি ফ্ল্যাট। বাকি ১১২টি রয়েছে ডব্লিউ-৫ ভবনে। তবে গ্যাস সংযোগ চালু না হওয়ায় এবং বরাদ্দের তালিকা চূড়ান্ত না করায় এখনো কোনো ফ্ল্যাট হস্তান্তর করা সম্ভব হয়নি।
বরাদ্দে গুরুত্ব পাবে চাকরির মেয়াদ
ডিএনসিসিতে প্রায় ২ হাজার ৪০০ পরিচ্ছন্নতাকর্মী কর্মরত। তাঁদের মধ্যে প্রায় ৮০০ জন পরিবার নিয়ে গাবতলী এলাকায় থাকেন। ২০০৫ সালে গুলশান থেকে তাঁদের এই এলাকায় স্থানান্তর করা হয়েছিল।
কারা ফ্ল্যাট পাওয়ার যোগ্য, তা নির্ধারণে কর্মীদের চাকরির মেয়াদ ও অন্যান্য শর্ত যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। তার ভাষ্য, সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে উপযুক্ত কর্মীদের তালিকা তৈরির কাজ চলছে। বরাদ্দের ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হবে, যাতে যোগ্য কেউ বাদ না পড়েন। দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা কর্মীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
প্রশাসক জানান, গ্যাস সংযোগসহ অবশিষ্ট কাজ শেষ করতে আরও তিন থেকে সাড়ে তিন মাস লাগতে পারে। একই সময়ের মধ্যে বরাদ্দ প্রক্রিয়াও সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। প্রকল্পটি প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, পরিচ্ছন্নতাকর্মীদের সংগঠন স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের কার্যকরী সভাপতি রাজু গাজী বলেছেন, ফ্ল্যাট বরাদ্দ নিয়ে তাদের সঙ্গে এখনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। দীর্ঘদিন চাকরি করছেন এমন কর্মীদের অগ্রাধিকার দেওয়ার কথা তারা শুনেছেন। তবে গুলশান থেকে যাদের গাবতলীতে সরিয়ে আনা হয়েছিল, তাদের আবাসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
আবাসন প্রকল্পে যুক্ত হচ্ছে বাড়তি সুবিধা
ফ্ল্যাটগুলোর রান্নাঘরে গ্যাস ব্যবহারের সুযোগ থাকলেও সরবরাহের জন্য কেন্দ্রীয় প্ল্যান্ট নির্মাণ এখনো বাকি। এ কাজের জন্য আলাদা দরপত্রের মাধ্যমে কার্যক্রম চলছে। প্ল্যান্ট থেকে প্রতিটি বাসায় পৃথক সংযোগ দেওয়া হলে বাসিন্দাদের সিলিন্ডার কিনে রাখার ঝামেলা থাকবে না।
এ ছাড়া ভবনের নিচতলায় সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজনের জায়গা রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে খোলা অংশে দেয়াল, লোহার গ্রিল ও কলাপসিবল গেট স্থাপনের কাজ চলছে। শিশুদের শিক্ষার জন্য প্রকল্প এলাকায় নির্মিত হয়েছে চারতলা বিদ্যালয়। এটি পরিচালনায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে সমঝোতা করেছে ডিএনসিসি। অগ্নিনিরাপত্তা, নিজস্ব বিদ্যুৎ সাবস্টেশন এবং বিকল্প উৎস হিসেবে সৌরবিদ্যুতের ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রকল্প ব্যয় বেড়েছে দ্বিগুণের বেশি
২০১৭ সালে শুরু হওয়া প্রকল্পটির প্রাথমিক ব্যয় ছিল ১১৭ কোটি টাকা। কয়েক দফা সংশোধনের পর তা বেড়ে দাঁড়িয়েছে ২৮৪ কোটি ৭৩ লাখ টাকায়। অর্থাৎ মূল বরাদ্দের তুলনায় ব্যয় বেড়েছে প্রায় ১৬৭ কোটি ৭৩ লাখ টাকা।
প্রথমে ২০১৯ সালের জুনে কাজ শেষ করার কথা থাকলেও নানা কারণে সময়সীমা পেছাতে থাকে। তিন দফায় ব্যয় বাড়ানোর পাশাপাশি প্রকল্পের মেয়াদও একাধিকবার সংশোধন করা হয়েছে। সর্বশেষ ব্যয় না বাড়িয়ে কাজ শেষের সময় চলতি বছরের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।
প্রকল্পের ষষ্ঠ পরিচালক ও ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, করোনা মহামারি এবং পরবর্তী সময়ে অর্থ ছাড় নিয়ে জটিলতার কারণে নির্মাণকাজ বাধাগ্রস্ত হয়। একপর্যায়ে কাজ প্রায় বন্ধ হয়ে গেলেও সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে ঠিকাদারকে বিল দিয়ে কার্যক্রম চালু রাখা হয়।
তার মতে, মূল নির্মাণকাজ শেষ হয়েছে। এখন কেন্দ্রীয় গ্যাস প্ল্যান্টসহ কিছু অতিরিক্ত কাজ সম্পন্ন হলেই ফ্ল্যাটগুলো হস্তান্তরের জন্য প্রস্তুত হবে।



