রাজধানীর ধানমন্ডিতে একটি সোনার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শপিং মলের নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচেতন করার পর দোকান থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার অলংকার লুটের অভিযোগ উঠেছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
দোকানের বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাওয়ানো হয়। খাবার খাওয়ার পর তারা অচেতন হয়ে পড়েন। এই সুযোগে দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে মূল্যবান অলংকার নিয়ে যায়।
দোকানটির মালিক অমিত ঘোষের দাবি, চোরেরা আনুমানিক দুই হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার গয়না এবং নগদ ১০ থেকে ১২ লাখ টাকা লুট করেছে। পুলিশের বরাত দিয়ে পাওয়া তথ্যে চুরি হওয়া গয়নার পরিমাণ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ভরি বলে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর শপিং মলের নিরাপত্তাব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। দোকানের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মীর সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে একজন জুয়েলার্সের নিজস্ব কর্মী এবং অন্য দুজন শপিং মলের নিরাপত্তাকর্মী।
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি শনাক্ত হয়েছে। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সহায়তা করতে দেখা গেছে বলে দাবি করেন তিনি। দুর্বৃত্তরা ভেতরে ঢোকার পর সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক নিরাপত্তাকর্মীর পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজন নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ। পাশাপাশি শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন বলে জানা গেছে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার দুপুর ১২টার দিকে পুলিশ শপিং মলটি ঘিরে তদন্ত শুরু করে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।
উল্লেখ্য, কয়েক বছর আগেও একই দোকানে একই কৌশলে চুরির চেষ্টা হয়েছিল বলে জানিয়েছেন বিক্রেতা জোবায়ের আহমেদ। সে সময় নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানোর পর একজন অচেতন হয়ে পড়েছিলেন। তবে দোকানমালিক বিষয়টি বুঝতে পারায় সেবার চুরির চেষ্টা সফল হয়নি।
এবার মোরগ পোলাও খাইয়ে নিরাপত্তাকর্মীদের অচেতন করার অভিযোগের পর প্রায় দুই হাজার ভরি গয়না চুরির ঘটনায় শপিং মলের নিরাপত্তাব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।