সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দল জামায়াতে ইসলামী সহযোগিতা করছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার এমন একটি সাংবিধানিক প্রক্রিয়া চালু করতে চায়, যাকে কেউ সংস্কার বললেও আপত্তি নেই। তবে এ প্রক্রিয়ায় বিরোধী দলের সহযোগিতা এখনো পাওয়া যাচ্ছে না।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে। এটি জাতীয় জীবনের জন্য দিকনির্দেশনা দেয়। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, রক্তাক্ত গণঅভ্যুত্থানের ইতিহাস জাতীয় জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ নির্মাণে অনুপ্রেরণা জোগাবে। জুলাইয়ের চেতনাকে শুধু বার্ষিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাহিত্য, নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও প্রতিফলিত করতে হবে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, এর একটি অংশের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিছু বিষয় সাংবিধানিক, আর কিছু বিষয় আইন ও বিধিবিধানের সঙ্গে সম্পর্কিত। এসব কার্যক্রম চলমান রয়েছে। শহীদদের আত্মত্যাগের মর্যাদা প্রতিষ্ঠায় তাদের আকাঙ্ক্ষা পূরণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।




