চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার বিভিন্ন এতিমখানা ও হেফজখানা আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে তিনি এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি শিশুদের থাকার পরিবেশ, খাবারের মান, খাবার পানি, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি রেজিস্টার খাতা ও দৈনিক খাবারের তালিকাও যাচাই করেন।
পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে শিশুদের নিরাপত্তা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সেখানে শিশুদের শরীরে আঘাতের চিহ্ন বা চর্মরোগ রয়েছে কি না, সেদিকেও নজর দেওয়ার কথা উল্লেখ করা হয়।
ইউএনও মো. আবদুর রহমান বলেন, শিশুদের নিরাপত্তা প্রশাসনের প্রথম অগ্রাধিকার। তাদের নিরাপদ আবাসন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে। শিক্ষকদের শিশুদের থেকে আলাদা কক্ষে রাত্রিযাপনের ব্যবস্থা করতে হবে। অনিয়ম পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শন শেষে ইউএনও শিশুদের মধ্যে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




