মাত্র ২৫০ গ্রাম মাংস কিনেও ফিরছেন কেউ, আবার কেউ নিয়ে যাচ্ছেন দুই কেজি। ক্রেতার কেনাকাটার পরিমাণ নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। যার যতটুকু প্রয়োজন এবং সামর্থ্য রয়েছে, তিনি ততটুকুই কিনতে পারছেন। এমন ব্যতিক্রমী আয়োজন ঘিরে প্রতি শুক্রবার জমজমাট হয়ে উঠছে ঠাকুরগাঁও শহরের ‘হান্ডি বাড়ি’।
শহরের গোবিন্দনগর বিসিক মোড়ের দুড়ামাড়ি এলাকায় রেশম কারখানার সামনে এই উদ্যোগ পরিচালনা করছেন মো. ফারুক হোসেন। প্রতি শুক্রবার মাটির চুলায় বড় হাঁড়িতে সরিষার তেল দিয়ে রান্না করা গরুর মাংস বিক্রি করেন তিনি। প্রতি কেজির দাম ৮৫০ টাকা। ফারুকের দাবি, রান্নায় কোনো পানি ব্যবহার করা হয় না।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকেই সেখানে ক্রেতাদের আনাগোনা শুরু হয়। কেউ স্বাদ পরীক্ষা করছেন, কেউ দাম জানছেন, আবার কেউ নিজের প্রয়োজন অনুযায়ী মাংস কিনছেন। ডিজিটাল ওজনযন্ত্রে মেপে প্লাস্টিকের বাটিতে ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে মাংস।
ছাত্রাবাসে থাকা আরিফ হাসান কিনেছেন মাত্র ২৫০ গ্রাম। বন্ধুকে আপ্যায়নের জন্য তার এই কেনাকাটা। আরিফের মতে, সাধারণ মাংসের দোকানে এত অল্প পরিমাণ গরুর মাংস পাওয়া কঠিন। শিক্ষার্থী হিসেবে প্রয়োজনমতো কেনার এই সুযোগ তার কাছে বেশ স্বস্তিদায়ক।
অন্যদিকে বাড়িতে অতিথি আসায় দুই কেজি মাংস কিনেছেন গৃহিণী দেলোয়ারা বেগম। তার কাছে এই ব্যবস্থার বড় সুবিধা হলো, বাজার করা থেকে শুরু করে মসলা প্রস্তুত ও রান্নার দীর্ঘ ঝামেলা ছাড়াই অতিথিদের আপ্যায়ন করা যাচ্ছে। কেনার আগে স্বাদও পরীক্ষা করে নিয়েছেন তিনি।
ক্রেতা আব্দুল লতিফের হিসাবেও উদ্যোগটি সুবিধাজনক। তার ভাষ্য, কাঁচা মাংস কেনার পর রান্নার তেল, মসলা এবং অন্যান্য উপকরণের জন্য বাড়তি খরচ হয়। পাশাপাশি সময় ও শ্রম দিতে হয়। সে তুলনায় ৮৫০ টাকায় প্রস্তুত মাংস কিনে নেওয়া সহজ। ক্রেতা মালেকও জানান, প্রতি শুক্রবার এখান থেকে খাবার কেনার চেষ্টা করেন তিনি।
ফারুক হোসেনের এই উদ্যোগের পেছনে রয়েছে ব্যক্তিগত জীবনের এক অভিজ্ঞতা। ছোটবেলায় অভাবের কারণে ইচ্ছা থাকলেও সব সময় গরুর মাংস খেতে পারতেন না। সেই স্মৃতি থেকেই এমন ব্যবস্থা চালুর চিন্তা করেন, যেখানে কম সামর্থ্যের মানুষও পছন্দের খাবার কিনতে পারবেন।
ফারুক জানান, হোটেল ও বিভিন্ন অনুষ্ঠানে মাংস সরবরাহের কাজ করতে গিয়ে তার রান্না ও মাংসের ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পাঁচ সপ্তাহ আগে হান্ডি বাড়ির কার্যক্রম শুরু করেন। প্রথম দিন ৪০ কেজি মাংস রান্না করলেও তিন ঘণ্টার মধ্যে সব বিক্রি হয়ে যায়। ক্রেতাদের সাড়া বাড়তে থাকায় পরের সপ্তাহগুলোতে রান্নার পরিমাণও বাড়ান। দ্বিতীয় সপ্তাহে ৬০ কেজি, তৃতীয় সপ্তাহে ৮০ কেজি এবং চতুর্থ সপ্তাহে আড়াই মণ মাংস বিক্রি করেন। এবার প্রস্তুত করেছেন প্রায় তিন মণ।
প্রতিবার বাছাই করে একটি দেশি গরু কেনেন তিনি। এরপর জবাই করে মাটির চুলায় বড় হাঁড়িতে মাংস রান্না করা হয়। তার দাবি, প্রতি কেজি কাঁচা মাংস কিনতেই প্রায় ৭৫০ টাকা খরচ হয়। ৮৫০ টাকায় বিক্রি করে অন্যান্য ব্যয় মেটানোর পর খুব বেশি লাভ থাকে না।
তবে ব্যবসার হিসাবের চেয়েও ক্রেতাদের সন্তুষ্টিকে বড় করে দেখেন ফারুক। তার ইচ্ছা, অর্থের অভাবে কেউ যেন পছন্দের খাবার থেকে বঞ্চিত না হন। তাই তার হাঁড়িতে কয়েক শ টাকার ক্রেতা যেমন গুরুত্ব পান, তেমনি কয়েক হাজার টাকার ক্রেতাও।
সামর্থ্য ও প্রয়োজনকে প্রাধান্য দিয়ে গড়ে ওঠা এই উদ্যোগ এখন স্থানীয় মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। ফারুকের কাছে খাবার কেনার পরিমাণ নয়, বরং সবার জন্য কেনার সুযোগ তৈরি করাই সবচেয়ে বড় বিষয়।




