সুন্দরবনের দুবলারচরের আলোরকোলে রাশ উৎসবে যোগ দিতে রোববার সকাল থেকে নৌযানে করে যাত্রা শুরু করেছেন দেশের বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা। আয়োজকদের ধারণা, এবার ১০ সহস্রাধিক তীর্থযাত্রী এ উৎসবে অংশ নেবেন।
আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) দুই দিনব্যাপী এ উৎসব শুরু হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বঙ্গোপসাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে ধর্মীয় এ আয়োজন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. হামিদুর রহমান জানান, রোববার দুপুর পর্যন্ত চাঁদপাই স্টেশন থেকে ২৯৪টি নৌযানে অনুমতিপত্র নিয়ে ৬ হাজার ২০৯ জন এবং ঢাংমারী স্টেশন থেকে ১১১টি নৌযানে ২ হাজার ৩৭১ জন তীর্থযাত্রী দুবলারচরের উদ্দেশে রওনা হয়েছেন। এ ছাড়া সুন্দরবন পশ্চিম বিভাগের বিভিন্ন স্টেশন থেকেও তীর্থযাত্রীরা সেখানে গেছেন।
দুবলার আলোরকোল থেকে রাশ উৎসব উদ্যাপন কমিটির সভাপতি ও দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, উৎসব আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে নির্মাণ করা হয়েছে অস্থায়ী মন্দির এবং তৈরি করা হয়েছে রাধাকৃষ্ণের প্রতিমা। সোমবার রাতে মন্দিরে পূজা-অর্চনা, ভজন ও কীর্তন অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা, খুলনা, ফরিদপুর, নড়াইল, ঢাকা ও বাগেরহাটসহ বিভিন্ন এলাকার পুণ্যার্থীরা এতে অংশ নেবেন। মঙ্গলবার ভোরে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নান শেষে তারা বাড়ির উদ্দেশে রওনা হবেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, রাশ উৎসবে অংশ নিতে রোববার সকাল থেকে শুধু সনাতন ধর্মাবলম্বীদের অনুমতিপত্র দেওয়া হচ্ছে। নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আগের মতো এবারও পাঁচটি নৌপথ নির্ধারণ করা হয়েছে। উৎসব ঘিরে বনরক্ষী, কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা নিয়মিত টহল দেবেন। বন্যপ্রাণী, বিশেষ করে হরিণ শিকার ঠেকাতে বন বিভাগের নজরদারি জোরদার থাকবে।
বন বিভাগ সূত্রে জানা যায়, একসময় রাশ উৎসবকে কেন্দ্র করে দুবলার আলোরকোলে বড় মেলা বসত। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পুণ্যার্থী, দর্শনার্থী ও ব্যবসায়ীদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও সেখানে আসতেন। তবে অতিরিক্ত জনসমাগম, বর্জ্য ও শব্দদূষণের কারণে সুন্দরবনের জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়তে শুরু করে। পাশাপাশি পুণ্যার্থীর ছদ্মবেশে হরিণ শিকারের ঘটনাও উদ্বেগ বাড়ায়। এসব বিবেচনায় ২০২১ সাল থেকে রাশ উৎসবের মেলা বন্ধ রাখা হয়েছে। বর্তমানে শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই উৎসব সীমাবদ্ধ রয়েছে।