সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩২ লাখ ৪৩ হাজার ৭৬২ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে ৪৮ বিজিবি।

বিজিবি জানায়, বাংলাবাজার, প্রতাপপুর, মিনাটিলা, পান্থুমাই, বিছনাকান্দি, সংগ্রাম ও সোনারহাট বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় গরু ও মহিষ, ফুচকা, বিভিন্ন ধরনের ফল, বাসমতি চাল, টমেটো, কসমেটিকস, চকলেট ও জিরাসহ বিভিন্ন চোরাচালান পণ্য আটক করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও আটক করে বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।