মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানে বিষধর পদ্ম গোখরা সাপের উপস্থিতি টের পেয়ে আতঙ্কিত হয়ে নিরাপদে সরে যান চা শ্রমিকরা। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানের ১৪ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে।
জানা যায়, চা পাতার কুঁড়ি তোলার সময় এক শ্রমিক হঠাৎ সাপের শু শু শব্দ শুনতে পান। বিষয়টি বুঝতে পেরে তিনি অন্য শ্রমিকদের সতর্ক করলে সবাই কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান। পরে বিষয়টি বাগানের সহকারী ব্যবস্থাপক সাদেকুর রহমানকে জানানো হয়। তিনি সাপটি না মেরে উদ্ধারের জন্য বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে সাপটিকে বিষধর পদ্ম গোখরা হিসেবে শনাক্ত করে। পরে সতর্কতার সঙ্গে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়।




