সিরাজগঞ্জের সলঙ্গা থানায় সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে সলঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার হলরুমে এ আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কে এম আমিনুল ইসলাম হেলাল। সলঙ্গা থানার আওতাধীন ৪২টি স্বেচ্ছাসেবী সংগঠন এবং চারজন স্বতন্ত্র স্বেচ্ছাসেবীর প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে জেলা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল লতিফ লোকমান ও ইঞ্জিনিয়ার মো. রাকিব হোসেন খান।
নবগঠিত সলঙ্গা থানা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন কে এম আমিনুল ইসলাম হেলাল। তিনি ৩০ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহ আলম। অন্যদিকে ৩০ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক হয়েছেন হারুন অর রশিদ।
প্রত্যক্ষ ভোটে সুষ্ঠু ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনকে কেন্দ্র করে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কমিটির মাধ্যমে সলঙ্গা অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।
সভায় উপস্থিত বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা বাড়ানো এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নবনির্বাচিত নেতৃত্বের সমন্বিত উদ্যোগে এসব কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কমিটি গঠন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ রজব এবং জেলা পরিষদের সদস্য আব্দুল আলিম, ইসমাইল হোসেন ও সাজিদ মুন।
নতুন কমিটির নেতৃত্বে সলঙ্গার স্বেচ্ছাসেবী কার্যক্রমে আরও গতিশীলতা আসবে এবং মানবিক কর্মকাণ্ডের পরিধি বাড়বে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।