মাদক নির্মূলে কেবল আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ। তরুণ প্রজন্মকে সুরক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি মনে করেন, মাদকের বিস্তার ঠেকাতে নগর থেকে প্রত্যন্ত জনপদ পর্যন্ত সবাইকে সম্পৃক্ত করতে হবে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে সভায় আলোচনা হয়।
প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনের কর্মকর্তাদের কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, ব্যক্তিগত অনুরোধ কিংবা তদবিরের কাছে নতি স্বীকার করা চলবে না। অপরাধ দমনে কাউকে বিশেষ সুবিধা না দিয়ে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে। এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর জোর দেন তিনি।
নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়ে আহম্মদ সোহেল মনজুর বলেন, অপরাধ প্রতিরোধ ও অপরাধীদের শনাক্ত করতে সিসিটিভি নজরদারি কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় ক্যামেরা স্থাপন এবং নজরদারি বাড়াতে হবে।
বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে সভায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার ও পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন।



