সাতক্ষীরার শ্যামনগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আব্দুল আজিজ (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী রাবেয়া খাতুন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজ শ্যামনগরের ইসমাইলপুর গোডাউন মোড় এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ভেটখালী গ্রামের দিকে যাচ্ছিলেন আজিজ। পথে পেচোর মোড়ে পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত রাবেয়া খাতুনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম পাটোয়ারী জানান, দুর্ঘটনার পর ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।