শিশুদের সুস্বাস্থ্য, নিরাপদ পরিবেশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করলেই একটি উন্নত জাতি গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, কোনো শিশু যেন উন্নয়নের মূল স্রোত থেকে বাদ না পড়ে, সে দায়িত্ব সমাজের সবার।
সোমবার (২৩ নভেম্বর) নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলডিসি প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নবিষয়ক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘অবহেলিত শিশুর সার্বিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ’ স্লোগানে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আওতাধীন ১৬টি প্রকল্পের উদ্যোগে ময়মনসিংহ ক্লাস্টার এ আয়োজন করে।
ডেপুটি স্পিকার বলেন, শিশুদের মধ্যে থাকা সুপ্ত প্রতিভা বিকাশের জন্য পরিবার, সমাজ, স্থানীয় প্রশাসন ও উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং নৈতিক ও সামাজিক বিকাশে সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরিশিরি বিডি-৪০২ প্রকল্পের লোকাল সেন্টার কমিটির সভাপতি রেভা. স্টিফেন আশীষ রেমা। তিনি বলেন, প্রতিটি শিশুর সম্ভাবনা বিকাশে নিরাপদ, স্নেহপূর্ণ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি।
সমাবেশে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন চিছাম, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আরেক অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের এককালীন আর্থিক সহায়তা ও হুইলচেয়ার প্রদান করেন। এ ছাড়া দুস্থদের মধ্যে সেলাই মেশিন বিতরণ এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে সম্মাননা ক্রেস্ট তুলে দেন তিনি।



