কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আমজাদের বাজার এলাকার কলিকসার রাস্তার মাথায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন অটোরিকশার চালক আব্দুল মতিন (৩৫) ও যাত্রী মো. আরিফ (৪০)। তারা দুজনই স্থানীয় বাসিন্দা। মতিন শফিক মিয়ার এবং আরিফ আমিনুল ইসলামের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকামুখী লেনে চলাচলকারী অটোরিকশাটিকে পেছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়ায়। অটোরিকশার পাঁচ আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল মতিন ও মো. আরিফকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজনের চিকিৎসা চলছে।
কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট যানবাহনগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



