আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড বাস্তবায়ন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনায় চট্টগ্রাম বন্দরের সক্ষমতায় সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের (ইউএস কোস্ট গার্ড) ইন্টারন্যাশনাল পোর্ট সিকিউরিটি (আইপিএস) টিম। বিশেষ করে আন্তর্জাতিক জাহাজ ও বন্দর স্থাপনা নিরাপত্তা বিধিমালা (আইএসপিএস কোড) বাস্তবায়ন, ড্রোন নজরদারি ও সাইবার নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেছে প্রতিনিধি দলটি।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ইউএস কোস্ট গার্ডের আইপিএস টিম চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জেটি, টার্মিনাল, প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনকালে প্রতিনিধি দল বন্দরের প্রবেশ নিয়ন্ত্রণ, নজরদারি, নিরাপত্তা তদারকি, ঝুঁকি মূল্যায়ন, সাইবার নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি পর্যবেক্ষণ করে। এ সময় বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তা কাঠামো ও আইএসপিএস কোড বাস্তবায়নে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
প্রতিনিধি দলটি বন্দরের নিরাপত্তাকর্মীদের পেশাদারত্ব, ড্রোন সার্ভেইল্যান্স, সাইবার নিরাপত্তা ব্যবস্থা এবং সন্ত্রাসবিরোধী মহড়ার প্রশংসা করে। পাশাপাশি আইএসপিএস কোড প্রতিপালনে বন্দরের উচ্চমাত্রার সক্ষমতা ও ধারাবাহিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আন্তর্জাতিক নিরাপত্তা পরিদর্শনে এর আগে চট্টগ্রাম বন্দর জিরো অবজারভেশন অর্জন করেছে। বিভিন্ন আন্তর্জাতিক বন্দরের অভিজ্ঞতার আলোকে চট্টগ্রাম বন্দরে নিরাপত্তা বিধিমালা বাস্তবায়নের ধারাবাহিকতাকে দৃষ্টান্তমূলক বলে উল্লেখ করেছে প্রতিনিধি দল।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম বলেন, আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে চট্টগ্রাম বন্দরকে আরও নিরাপদ ও আধুনিক হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। ইউএস কোস্ট গার্ডের ইতিবাচক মূল্যায়ন বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। আন্তর্জাতিক বাণিজ্যে আস্থা ধরে রাখতে নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত থাকবে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করা এবং বন্দর ব্যবহারকারীদের জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখতে আইএসপিএস কোডের ধারাবাহিক প্রতিপালনসহ প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।