বাংলাদেশ নৌবাহিনীর রণপ্রস্তুতি, আধুনিকায়ন, আন্তঃবাহিনী সমন্বয় ও সামুদ্রিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘নৌবাহিনী পদক’ (এনবিপি) পেয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।
সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩৮ বছরের বেশি সময়ের বর্ণাঢ্য কর্মজীবনে অবদানের স্বীকৃতি হিসেবে এর আগে তিনি ‘অসামান্য সেবা পদক’ (ওএসপি) অর্জন করেন।
২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত কমান্ডার বিএন ফ্লিট হিসেবে দায়িত্ব পালনকালে তার নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর অপারেশনাল ও কৌশলগত সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। এ সময় প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, আধুনিকায়ন, যুদ্ধজাহাজ ও সাবমেরিনের সক্ষমতা বৃদ্ধি এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখেন তিনি।
তার উদ্যোগে ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’-এর আধুনিকায়ন প্রক্রিয়া শুরু হয়। পাশাপাশি ইনফরমেশন ফিউশন সেন্টার প্রতিষ্ঠা, প্রশাসনিক কাজে ডিজিটালাইজেশন, সমন্বিত রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ পদ্ধতিতে পরিবর্তন আনা হয়।
এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর সঙ্গে সমন্বিত যৌথ অভিযান এবং আন্তর্জাতিক নৌ-মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা ও দেশের কূটনৈতিক ভাবমূর্তি উন্নয়নে ভূমিকা রাখেন তিনি।
দেশের সামুদ্রিক ও মৎস্যসম্পদ রক্ষায় তার নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ৩০ কোটি ৪৭ লাখ টাকার অবৈধ জাল ও চোরাচালানকৃত সামগ্রী জব্দ করা হয়। একই সঙ্গে গভীর সমুদ্রে বিপদগ্রস্ত জেলেদের উদ্ধার এবং জলদস্যুতা প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম বলেন, চেয়ারম্যানের এ অর্জন বন্দর কর্তৃপক্ষের জন্য গর্বের বিষয়। তার অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব ও দূরদর্শিতা বন্দরের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রাখবে।